বাংলাদেশে স্টারলিংকের ‘স্যাটেলাইট-টু-মোবাইল’ সেবা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের প্রধান স্টেফানি বেডনারেকের একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পুনঃপ্রকাশ করেন ইলন মাস্ক। পোস্টটি পুনঃপ্রকাশ করে তিনি লেখেন, ‘Starlink connecting Bangladesh!’ অর্থাৎ, ‘স্টারলিংক বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছে!’
পৃথক আরেকটি পোস্টে মাস্ক লেখেন, ‘Starlink Mobile now available in Bangladesh!’ অর্থাৎ, বাংলাদেশে এখন স্টারলিংক মোবাইল সেবা পাওয়া যাচ্ছে।
বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের সঙ্গে চুক্তির মাধ্যমে বাংলাদেশে এই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে স্টারলিংক। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, দক্ষিণ এশিয়ায় এ ধরনের সেবা চালুর ক্ষেত্রে এটিই প্রথম উদ্যোগ।
স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের প্রধান স্টেফানি বেডনারেক জানান, সেলুলার নেটওয়ার্কের আওতার বাইরে থাকা উপকূলীয় ও দুর্গম প্রত্যন্ত এলাকার বাসিন্দা, ব্যবসায়ী এবং ভ্রমণকারীরা এই সেবার মাধ্যমে নিরবচ্ছিন্ন যোগাযোগের সুবিধা পাবেন।
প্রচলিত মোবাইল নেটওয়ার্কের সংযোগ না থাকলেও সামঞ্জস্যপূর্ণ ৪জি স্মার্টফোন ও বাংলালিংক সিম ব্যবহার করে গ্রাহকেরা বিভিন্ন অ্যাপে বার্তা পাঠাতে পারবেন। পাশাপাশি অবস্থান বা লোকেশন শেয়ার করা এবং জরুরি যোগাযোগও বজায় রাখা যাবে।
বিশেষ করে সমুদ্রে থাকা জেলেদের জন্য এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে কাজ করতে পারে। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ কিংবা দীর্ঘসময় বিদ্যুৎ বিভ্রাটের মতো পরিস্থিতিতেও মোবাইল নেটওয়ার্কের বিকল্প হিসেবে স্যাটেলাইট-টু-মোবাইল প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
/এএসএফ