দেশব্যাপী বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণের উদ্যোগ গ্রহণ করবে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি বলেন, আগামী পাঁচ বছরে দেশের চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার। এর মাধ্যমে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণের পাশাপাশি প্রায় ২ কোটি মানুষকে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবার আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনের কনফারেন্স রুমে আইএনজিও ফোরাম ও ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটালের (এনআইওঅ্যান্ডএইচ) যৌথ উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. সৈয়দ মেহবুব উল কাদির।
ড. এম এ মুহিত বলেন, দেশের চক্ষু স্বাস্থ্যের উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে সরকার ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।
তিনি বলেন, দেশের প্রতিটি জেলা ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই অর্থ বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণ, চক্ষু সেবার অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
দেশের স্কুলশিক্ষার্থীরাও এই কর্মসূচির আওতায় থাকবে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা এবং প্রয়োজনীয় চশমা প্রদানসহ অন্যান্য প্রয়োজনীয় চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত ও সহজলভ্য চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে চক্ষু স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করা হবে।
অনুষ্ঠানে আইএপিবির বাংলাদেশ চ্যাপ্টারের কান্ট্রি চেয়ার ও অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, ওএসবির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো. জিন্নু রেইন (নিউটন) এবং ওএসবির প্রেসিডেন্ট ডা. মো. তৌহিদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
/এএসএফ