আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন লিওনেল মেসি। বুধবার (৭ অক্টোবর) বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিত ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। তবে মেসির বিদায়ী ম্যাচের আনন্দের আড়ালেই আর্জেন্টিনার বিরুদ্ধে অপমানের অভিযোগ তুলেছে বেনিন।
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচকে ঘিরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আচরণে ক্ষোভ প্রকাশ করেছে বেনিন ফুটবল ফেডারেশন। আফ্রিকার দলটির অভিযোগ, বহুল আলোচিত এই প্রীতি ম্যাচে অংশ নিতে আসা তাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে জার্সি বিনিময়, ছবি তোলা এবং আর্থিক সুবিধা দেওয়ার মতো বিষয়গুলো উপেক্ষা করা হয়েছে।
বেনিনের অভিযোগ, ম্যাচ শেষ হওয়ার পর তাদের পুরোপুরি আলাদা করে রাখা হয়। ফলে বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা মেসিসহ আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য বিনিময়ের কোনো সুযোগই পাননি তারা।
খ্যাতনামা ফরাসি অনুসন্ধানী সাংবাদিক রোমাঁ মোলিনা তার এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ তুলে ধরেছেন।
ম্যাচের আয়োজক আর্জেন্টাইন ফেডারেশনের পক্ষ থেকে বেনিন দলের ওপর আরোপিত বিভিন্ন বিধিনিষেধের কথা উল্লেখ করে মোলিনা লিখেছেন, ‘বেনিনের প্রতি আর্জেন্টাইন ফেডারেশন এবং খেলোয়াড়দের সম্মান : নেই কোনো বোনাস, আয় থেকে ফেরত আসেনি এক সেন্টও, জার্সি বিনিময় হয়নি, তোলা হয়নি একটি ছবিও এবং আর্জেন্টিনার করিডোরে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছিল!’
এর আগে মেসির বিদায়ী ম্যাচকে কেন্দ্র করে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ব্যবসা করছেন—এমন অভিযোগও উঠেছিল। মোলিনা তার পোস্টে সেই প্রসঙ্গও তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘যাদের (বেনিন) কেবল সাজসজ্জার উপকরণ হিসেবে বিবেচনা করা হয়েছে, তাদের পিঠে ব্যবসা করতেই সবকিছু করা হলো।’
বেনিনের প্রতি এমন আচরণের অভিযোগে দলটির অসন্তোষ আরও বেড়েছে। এর আগে বুয়েন্স আয়ার্সে যাতায়াত এবং হোটেল ব্যবস্থাপনা নিয়েও আফ্রিকার দলটির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল।
গণমাধ্যমের তথ্যমতে, দর্শকে পূর্ণ এই প্রদর্শনী ম্যাচ থেকে বেনিন দলকে কোনো আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হয়নি।
/এসএন