• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পিএম


নববধূকে ঘরে তুলেই মৃত্যু, টাঙ্গাইলে বিয়ের বাড়িতে শোকের ছায়া

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ অক্টোবর ২০২৬ ৬:৫০ পিএম

বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে। নববধূকে ঘরে তোলার কয়েক ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে মারা গেছেন আয়নাল হক (৩৮) নামের এক ব্যক্তি। বিয়ের রাতেই তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজনের পাশাপাশি পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আয়নাল হক ওই গ্রামের মৃত দানেশ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, আয়নাল হক জেলা শহরে ভাড়া বাসায় থেকে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। পাশাপাশি ছোটখাটো ব্যবসাও করতেন তিনি। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার ছিল।

তবে গত জুলাই মাসে তার প্রথম স্ত্রী দুই সন্তানকে রেখে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে তার এক বন্ধুর সঙ্গে চলে যান। এরপর থেকেই দুই সন্তানকে লালন-পালন করা নিয়ে তীব্র হতাশায় ভুগছিলেন আয়নাল।

এমন পরিস্থিতিতে পরিবারের লোকজনের অনুরোধ ও সম্মতিতে বুধবার রাতে পার্শ্ববর্তী খামারপাড়া গ্রামের আ. বারীর মেয়ে রুবিনা খাতুনকে (২০) দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন আয়নাল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গভীর রাতে নববধূকে নিয়ে নিজ গ্রামে বাবার বাড়িতে ফেরেন তিনি।

কিন্তু বাসরঘরের আনুষ্ঠানিকতার মধ্যেই গভীর রাতে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন আয়নাল। তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম জানান, বিয়ে সম্পন্ন হওয়ার পর নববধূকে ঘরে তোলার রাতেই আয়নালের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

/এএসএফ