• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ পিএম


‘Starlink connecting Bangladesh!’ পোস্ট দিয়ে ইলন মাস্কের উচ্ছ্বাস

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ অক্টোবর ২০২৬ ৫:২১ পিএম

বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্পেসএক্সের নির্বাহী স্টেফানি বেডনারেকের একটি পোস্ট পুনঃপ্রকাশ করে মাস্ক লিখেছেন, ‘Starlink connecting Bangladesh!’

স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের প্রধান স্টেফানি বেডনারেক জানিয়েছেন, স্টারলিংক মোবাইলের মাধ্যমে এখন বাংলাদেশের লাখো মানুষ অতিরিক্ত সংযোগ সুবিধা পাবেন। বিশেষ করে যেসব এলাকায় প্রচলিত মোবাইল নেটওয়ার্কের কাভারেজ নেই, সেসব অঞ্চলে এই সেবা যোগাযোগের নতুন সুযোগ তৈরি করবে।

এক্সে দেওয়া পোস্টে বেডনারেক বলেন, সেলুলার নেটওয়ার্কের বাইরে থাকা এলাকাগুলোতে স্টারলিংকের প্রযুক্তি অতিরিক্ত সংযোগ সুবিধা দেবে। এর ফলে উপকূলীয় এলাকার বাসিন্দা, প্রত্যন্ত অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান, পরিবার এবং ভ্রমণকারীরা প্রচলিত নেটওয়ার্কের আওতার বাইরে থাকলেও যোগাযোগের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।

স্টারলিংক জানিয়েছে, মোবাইল অপারেটর বাংলালিংকের সঙ্গে চুক্তির মাধ্যমে বাংলাদেশে তাদের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হয়েছে। এই সেবার ফলে লাখো গ্রাহক প্রচলিত সেলুলার নেটওয়ার্কের আওতার বাইরে থেকেও বিভিন্ন অ্যাপে বার্তা পাঠানো, অবস্থান শেয়ার করা এবং যোগাযোগের সুবিধা পাবেন।

সম্প্রতি বাংলালিংক স্টারলিংকচালিত এই সেবা চালু করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় এ ধরনের সেবা চালুর ক্ষেত্রে এটি প্রথম উদ্যোগ।

জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হলে গ্রাহকদের যোগাযোগ ধরে রাখাই এই সেবার অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে জেলেরা, সমুদ্রে কর্মরত মানুষ, ভ্রমণকারী এবং প্রত্যন্ত ও উপকূলীয় এলাকার বাসিন্দারা এই সেবা থেকে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের গভীর সমুদ্র এলাকাতেও সেবাটি ব্যবহার করা যেতে পারে। সামঞ্জস্যপূর্ণ ৪জি ফোন ও বাংলালিংকের সিম থাকলে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থেকেও ব্যবহারকারীরা প্রয়োজনীয় অ্যাপ এবং লোকেশন সেবা ব্যবহারের সুযোগ পাবেন।

/এসএন