• ঢাকা
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পিএম


মানুষকে কিক মেরে ছিটকে দিল রোবট, ভাইরাল লড়াইয়ের ভিডিও

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৪ পিএম

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে একটি লড়াইয়ের রিংয়ে মুখোমুখি হয়েছে ছয় ফুট লম্বা একটি মানবাকৃতির রোবট ও একজন মানুষ। প্রযুক্তিনির্ভর এমন ব্যতিক্রমী লড়াইয়ের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক রোবোটিক্স প্রতিষ্ঠান ‘আরইকে’ এই প্রতিযোগিতার আয়োজন করে। মূলত একটি ভার্চ্যুয়াল রিয়েলিটি কমব্যাট গেমের অংশ হিসেবে লড়াইটি আয়োজন করা হয়। এতে দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে হিউম্যানয়েড রোবট নিয়ন্ত্রণ করে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ফাইটিং কেজের ভেতরে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর ফ্র্যাঙ্কি লাপেন্না মুখোমুখি হয়েছেন রিমোটে নিয়ন্ত্রিত ওই রোবটের।

লড়াই শুরুর আগে রোবটটিকে রিংয়ের ভেতরে নড়াচড়া ও ওয়ার্ম-আপ করতে দেখা যায়। এরপর লড়াই শুরু হলে লাপেন্না রোবটটিকে লক্ষ্য করে একের পর এক ঘুষি ছুড়তে থাকেন।

জবাবে রোবটটিও পাল্টা ঘুষি ও বেশ কয়েকটি শক্তিশালী কিক ছোড়ে। রোবটের লাথির আঘাতে লাপেন্নাকে কয়েকবার খাঁচার অন্য পাশে ছিটকে পড়তে দেখা যায়। এতে রোবটটির শক্তি ও দ্রুত আঘাত করার সক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে।

আয়োজক প্রতিষ্ঠান আরইকে এই আয়োজনকে ‘মানুষ বনাম হিউম্যানয়েড রোবট’-এর প্রথম লড়াই হিসেবে উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই লড়াইয়ের আরও ভিডিও ফুটেজ তারা প্রকাশ করবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভিডিওটি শেয়ার করে একটি ক্যাপশনও দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘আমরা এইমাত্র মানুষ বনাম টার্মিনেটর রোবটের প্রথম লড়াইয়ের মাধ্যমে এক নতুন ইতিহাস তৈরি করলাম। ফ্র্যাঙ্কি লাপেন্না তার সেরা চেষ্টাটাই করেছেন।’

ব্যতিক্রমী এই লড়াইয়ের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যেও নানা আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ভবিষ্যতে মানুষের নিয়ন্ত্রণে থাকা রোবট কি পেশাদার মারামারি কিংবা কমব্যাট স্পোর্টসের নিয়মিত অংশ হয়ে উঠতে পারে?

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, একজন পেশাদার ফাইটার এই রোবটের বিরুদ্ধে লড়াই করলে কী হতে পারে, তা নিয়ে তিনি কৌতূহলী। তার মতে, একজন পেশাদার ফাইটার এই লড়াইয়ে আরও ভালো করতে পারেন।

আরেকজন ব্যবহারকারী লিখেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ইউএফসি-তে মানুষ ও রোবটের লড়াই নিয়মিত দৃশ্যে পরিণত হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঘিরে বিশ্বজুড়ে যে আগ্রহ তৈরি হয়েছে, তাতে এমন চাহিদা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মানবাকৃতির রোবটের আগ্রাসী আচরণের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও একটি ইলেকট্রনিক্স দোকানে এক ব্যক্তির ধাক্কা দেওয়ার পর একটি হিউম্যানয়েড রোবটের প্রতিক্রিয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

ওই ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি রোবটটিকে ধাক্কা দেওয়ার পর সেটি তার দিকে এগিয়ে যায় এবং লাথি মারার চেষ্টা করে। পরে দোকানের কর্মীরা এসে রোবটটি বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

/এএসএফ