• ঢাকা
  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৮ পিএম


কুরআনের হাফেজ ও আলেমদের যথাযথ মর্যাদা নিশ্চিত করবে সরকার: রাষ্ট্রপতি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ অক্টোবর ২০২৬ ৬:৪৭ পিএম

আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী কুরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি দেশে কুরআন শিক্ষা ও চর্চায় আরও উৎসাহ সৃষ্টি করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (৮ অক্টোবর) বঙ্গভবনে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের প্রতিনিধিদের এমন সাফল্য অর্জন জাতির জন্য গর্ব ও আনন্দের বিষয় বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। এ সাফল্যের জন্য তিনি বিজয়ী হাফেজ, তাদের শিক্ষক-উস্তাদ, অভিভাবক এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সবাইকে অভিনন্দন জানান।রাষ্ট্রপতি বলেন, দেশে ধর্মীয় শিক্ষার প্রসার এবং হাফেজ ও আলেমদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। ধর্মীয় শিক্ষা ও প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ও সমৃদ্ধ রাখতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন উদ্যোগের কথাও তিনি স্মরণ করেন।তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ এবং দেশের অধিকাংশ জনগণ মুসলিম। ধর্মীয় মূল্যবোধ রক্ষায় এ দেশের মানুষ অতীতেও নানা ত্যাগ স্বীকার করেছে। পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন এক অভিযাত্রায় প্রবেশ করেছে উল্লেখ করে ধর্মীয় শিক্ষার প্রসার ও মানোন্নয়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করবে বলে জানান তিনি।সাক্ষাৎকালে বিজয়ী প্রতিযোগী, তাদের অভিভাবক ও শিক্ষক-উস্তাদরা বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। মাদ্রাসা-মক্তবসহ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী, হাফেজ ও আলেমদের সম্মানিত করা হলে কুরআন শিক্ষা ও ধর্মীয় চর্চায় আরও উৎসাহ তৈরি হবে বলে তারা রাষ্ট্রপতির কাছে মত প্রকাশ করেন।

/বিএসএস