• ঢাকা
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ এএম


বাজারে আসতেই আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে গ্রিনলাইন, উঠছে অভি’যোগ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৪:৩০ পিএম

অ্যাপলপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বাজারে এসেছে আইফোন ১৮ প্রো। বহুল প্রতীক্ষিত এই ডিভাইস হাতে পাওয়ার আনন্দের মধ্যেই কিছু ব্যবহারকারীর মধ্যে দেখা দিয়েছে হতাশা। আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে অস্বাভাবিক রঙের লম্বা রেখা দেখা যাওয়ার অভিযোগ করেছেন কয়েকজন ক্রেতা।

আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স বাজারে আসার পর থেকেই এমন অভিযোগ সামনে আসতে শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ও ভিডিওতে ফোনের স্ক্রিনে সবুজ, গোলাপি ও লাল রঙের সরু রেখা দেখা যাচ্ছে।

নতুন প্রজন্মের আইফোন বাজারে আসার অল্প সময়ের মধ্যেই এ ধরনের অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে প্রযুক্তিমহলে সমালোচনা শুরু হয়েছে। কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, সমস্যাটি নিয়ে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করার পর তাদের ডিভাইস পরিবর্তন করে দেওয়া হয়েছে।

তবে ঠিক কতটি আইফোন ১৮ প্রো বা আইফোন ১৮ প্রো ম্যাক্সে এ ধরনের সমস্যা দেখা দিয়েছে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো পরিসংখ্যান প্রকাশ্যে আসেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক অভিযোগ দেখা গেলেও, এসব ঘটনার ভিত্তিতে আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে বড় ধরনের কোনো ত্রুটি রয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত তথ্য এখনো পাওয়া যায়নি।

ভারতসহ বিশ্বের কয়েকটি বাজার থেকেও একই ধরনের অভিযোগ সামনে এসেছে। তবে সমস্যাটি মোট বিক্রি হওয়া আইফোন ১৮ প্রো-এর কত শতাংশে দেখা দিয়েছে, সেটিও এখনো জানা যায়নি।

/এসএন