• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১২:৪২ পিএম


চীনের রাস্তায় অভিনব দৃশ্য!

‘ব্যাটারি চার্জের টাকা নেই’, রাস্তায় হাঁটু গেড়ে ভিক্ষা করল হিউম্যানয়েড রোবট!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ জুলাই ২০২৬ ৭:৫০ পিএম

চীনের সিচুয়ান প্রদেশের চেংদু শহরে এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হয়েছেন পথচারীরা। একটি অত্যাধুনিক হিউম্যানয়েড রোবটকে ফুটপাতে হাঁটু গেড়ে বসে হাতজোড় করে মানুষের কাছে আর্থিক সহায়তা চাইতে দেখা গেছে। তার দাবি, নিজের ব্যাটারি চার্জ দেওয়ার মতো অর্থ নেই। তাই বিদ্যুৎ বিল পরিশোধে মানুষের সহযোগিতা প্রয়োজন।

পথচারীদের দৃষ্টি আকর্ষণ করতে রোবটটি বারবার মাথা নিচু করে অনুনয়ের ভঙ্গি করছিল। তার পাশে রাখা ছিল একটি ছোট অনুদানের পাত্র এবং ডিজিটাল পেমেন্ট গ্রহণের জন্য একটি কিউআর কোড।

একই সঙ্গে একটি এলইডি ডিসপ্লে ও লাউডস্পিকারের মাধ্যমে চীনা ভাষায় প্রচার করা হচ্ছিল, “রিচার্জ করার মতো কোনো টাকা নেই, দয়া করে বিদ্যুৎ বিল দিতে সাহায্য করুন।”

রোবটটি চীনা রোবোটিকস প্রতিষ্ঠান ইউনিট্রি-এর তৈরি ইউনিট্রি জি১ (Unitree G1) মডেলের একটি হিউম্যানয়েড রোবট।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে একই মডেলের একটি ইউনিট্রি জি১ রোবট ইকুয়েডরের চিম্বোরাজো আগ্নেয়গিরীতে সফলভাবে আরোহণ করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল। এবার মানুষের কাছ থেকে ‘ব্যাটারি চার্জের অর্থ’ চাওয়ার অভিনব প্রদর্শনী সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

সূত্র: বিজ্ঞানপ্রিয়

/এএসএফ