বরিশালের উজিরপুর উপজেলায় দীর্ঘদিন ধরে আবর্জনায় ভরে থাকা একটি খাল পরিষ্কার করতে গিয়ে কাদায় আটকে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। পরে পাশে থাকা স্বেচ্ছাসেবীরা তাকে টেনে তুলে উদ্ধার করেন। এরপর আবারও খাল পরিষ্কারের কাজে যোগ দেন তিনি।
একজন সরকারি কর্মকর্তার এমন সরাসরি অংশগ্রহণে উৎসাহিত হন পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরাও।
শুক্রবার (৬ নভেম্বর) উজিরপুর উপজেলা পরিষদসংলগ্ন প্রায় দুই কিলোমিটার দীর্ঘ একটি খালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় ইউএনওর কাদায় আটকে যাওয়ার ঘটনাটি ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বরিশালের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন ইউএনও মো. আলী সুজা, শতাধিক স্বেচ্ছাসেবী, স্থানীয় তরুণ-তরুণী এবং যুবসমাজের সদস্যরা। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা এ পরিচ্ছন্নতা অভিযান চলে।
এ সময় খাল থেকে কচুরিপানা, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ দীর্ঘদিন ধরে জমে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হয়। স্বেচ্ছাসেবীদের পাঁচ ঘণ্টার পরিশ্রমে ধীরে ধীরে খালটির স্বাভাবিক চেহারা ফিরে আসতে শুরু করে।
তবে পুরো কর্মসূচিতে সবচেয়ে বেশি আলোচনায় আসে ইউএনওর সরাসরি অংশগ্রহণ। বিডি ক্লিনের টি-শার্ট পরে অন্য স্বেচ্ছাসেবীদের সঙ্গে তিনিও খালে নেমে ময়লা পরিষ্কারের কাজে যুক্ত হন। একপর্যায়ে কাদার মধ্যে আটকে যান তিনি। পরে স্বেচ্ছাসেবীরা তাকে টেনে তুলে সহযোগিতা করেন। কিছুক্ষণ বিরতির পর আবারও পরিচ্ছন্নতার কাজে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বিডি ক্লিনের বিভাগীয় সমন্বয়ক জাহেদ ইরফান বলেন, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার আহ্বানে দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় থাকা খালটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতা এবং স্থানীয় তরুণ-তরুণীসহ শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, বিশেষ করে ইউএনও নিজে স্বেচ্ছাসেবীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিচ্ছন্নতার কাজে অংশ নেওয়ায় সবাই আরও বেশি উৎসাহিত হয়েছেন।
ইউএনও মো. আলী সুজা বলেন, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ খালের পাশের বাসিন্দাদের ফেলে দেওয়া নানা ধরনের বর্জ্যের কারণে খালটির স্বাভাবিক পানিপ্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল।
তিনি বলেন, সরকারি বরাদ্দের জন্য অপেক্ষা না করে নিজেরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে উদ্যোগ নিলে সমাজের অনেক সমস্যার সমাধান করা সম্ভব। উজিরপুরের এই পরিচ্ছন্নতা অভিযান তারই একটি উদাহরণ।
/এসএন