যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেট নির্বাচনে ৭ম ডিস্ট্রিক্ট থেকে বিপুল ভোটে জয় পেয়েছেন ডেমোক্র্যাট রাজনীতিক রুওয়া রোমান। রিপাবলিকান প্রার্থী আয়াজ শেখকে পরাজিত করে প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে জর্জিয়া স্টেট সিনেটের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে প্রায় ৬৬ শতাংশ ভোট পেয়েছেন রুওয়া রোমান। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী আয়াজ শেখ পেয়েছেন ৩৪ শতাংশ ভোট। এই জয়ের মধ্য দিয়ে জর্জিয়া প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভস থেকে স্টেট সিনেটে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হলো তার।
এর আগে ২০২২ সালে জর্জিয়া প্রতিনিধি পরিষদের ৯৭তম ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়ে রাজ্য রাজনীতিতে যাত্রা শুরু করেন রোমান। ওই নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে জর্জিয়া আইনসভায় প্রথম মুসলিম নারী এবং প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে ইতিহাস গড়েছিলেন তিনি। পরবর্তী সময়ে ২০২৪ সালের নির্বাচনেও নিজের আসন ধরে রাখতে সক্ষম হন।
জর্ডানের আম্মানে জন্ম নেওয়া রুওয়া রোমান ফিলিস্তিনি শরণার্থী পরিবারের সন্তান। মাত্র আট বছর বয়সে পরিবারের সঙ্গে জর্জিয়ায় চলে আসেন তিনি। ফিলিস্তিনি ঐতিহ্য ও পরিচয় তার রাজনৈতিক চিন্তাভাবনা এবং নীতিগত অবস্থানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সব সময়ই প্রতিফলিত হয়েছে।
২০২৪ সালের আগস্টে শিকাগোতে অনুষ্ঠিত ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে (ডিএনসি) অংশ নেওয়ার মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন রোমান। সে সময় গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা এবং ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের দাবিতে গড়ে ওঠা ‘ন্যাশনাল আনকমিটেড মুভমেন্ট’ তাকে অন্যতম প্রধান বক্তা হিসেবে মনোনীত করেছিল। তবে দলীয় কনভেনশন কর্তৃপক্ষ মূল মঞ্চে বক্তব্য দেওয়ার অনুমতি না দেওয়ায় আন্দোলনের সদস্য ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ এবং প্রতিবাদের সৃষ্টি হয়।
রোমান প্রকাশ্যে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করে এর কঠোর সমালোচনা করেছেন। পাশাপাশি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করে আসছেন তিনি। ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষেও জোরালো অবস্থান নিয়েছেন এই রাজনীতিক। একই সঙ্গে ফিলিস্তিনি পরিচয়কে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত করার সামাজিক কুসংস্কারের বিরুদ্ধেও সক্রিয় ভূমিকা রেখেছেন।
রাজনৈতিক পরিকল্পনায় পরিবর্তন এনে ২০২৫ সালের সেপ্টেম্বরে জর্জিয়ার গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন রুওয়া রোমান। তবে পরবর্তী সময়ে গভর্নর পদে প্রার্থিতা থেকে সরে এসে স্টেট সিনেট নির্বাচনে মনোযোগ দেন তিনি।
ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাইয়ের প্রাইমারি রান-অফ নির্বাচনে ৬০ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে দলীয় মনোনয়ন নিশ্চিত করেন রোমান। এরপর সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী আয়াজ শেখকে বড় ব্যবধানে পরাজিত করে স্টেট সিনেটের আসনটি নিজের করে নেন তিনি।
২০২২ সালে জর্জিয়া আইনসভায় প্রবেশের পর এবার স্টেট সিনেটে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে রাজ্যটির রাজনীতিতে ফিলিস্তিনি-আমেরিকানদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করলেন রুওয়া রোমান।
/এসএন