যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ইরানের বিরুদ্ধে নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন দেশটির আইনপ্রণেতা মাহমুদ নবভিয়ান। তার মতে, এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে এবং দেশটি ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ধারাবাহিক কয়েকটি পোস্টে মাহমুদ নবভিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সভ্যতা ধ্বংস, দেশটিকে বিভক্ত করা, ইসলামি প্রজাতন্ত্রের সরকার উৎখাত এবং দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার লক্ষ্য নিয়ে যুদ্ধে নেমেছিল।
তবে নবভিয়ানের দাবি, ইরানের প্রতিরোধ এবং সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের উদ্দেশ্য পূরণ করতে পারেনি। বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটি বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে এবং রাজনৈতিকভাবে দুর্বল অবস্থায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইরানের কৌশলগত অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে হরমুজ প্রণালির ওপর দেশটির নিয়ন্ত্রণের বিষয়টিও তুলে ধরেন এই আইনপ্রণেতা। তার ভাষ্য, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানকে বড় ধরনের কৌশলগত সুবিধা এনে দিয়েছে। সব মিলিয়ে যুদ্ধের মধ্য দিয়ে দেশটি ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত হয়েছে বলে দাবি করেন তিনি।
যুদ্ধের ফলাফল নিয়ে ভিন্ন বয়ান তৈরির চেষ্টা হতে পারে বলেও সতর্ক করেছেন নবভিয়ান। তার অভিযোগ, ভীত এবং পশ্চিমাপন্থী হিসেবে পরিচিত কিছু ব্যক্তি বা গোষ্ঠী যুদ্ধের জয়-পরাজয়ের প্রকৃত চিত্র উল্টে দেওয়ার চেষ্টা করতে পারে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পর মাহমুদ নবভিয়ান এসব মন্তব্য করেন।
/এসএন