• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম


চুরি করতে গিয়ে বিপত্তি, ডাবগাছে উঠে সাড়ে তিন ঘণ্টা আট’কে যুবক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ নভেম্বর ২০২৬ ৩:৫২ পিএম


জামালপুর শহরে চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে একটি ডাবগাছে উঠে পড়েন এক যুবক। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর গাছ থেকে নিচে নামেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের টিক্কাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। দীর্ঘ সময় গাছে অবস্থানের পর রাত সাড়ে ১২টার দিকে তাকে নিচে নামিয়ে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই যুবককে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে চুরির চেষ্টা করছেন—এমন অভিযোগে তাকে ধাওয়া করেন স্থানীয় লোকজন। তাদের হাত থেকে রক্ষা পেতে দৌড়ে গিয়ে একটি ডাবগাছে উঠে পড়েন তিনি। এরপর দীর্ঘ সময় পার হলেও গাছ থেকে নিচে নামতে রাজি হননি ওই যুবক।

পরে রাত ১০টার দিকে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারের উদ্যোগ নেন। বিভিন্ন কৌশলে তাকে গাছ থেকে নামানোর চেষ্টা করা হয়। তাকে বুঝিয়ে এবং টাকা দেওয়ার প্রলোভন দেখিয়েও প্রথম দিকে নিচে নামানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত রাত সাড়ে ১২টার দিকে তিনি গাছ থেকে নেমে আসেন।

ঘটনার বিষয়ে জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন, ‘এক যুবক চুরি করতে এসে ডাব গাছে আটকা পড়েছেন, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রথমে ওই যুবক গাছ থেকে নামতে রাজি হচ্ছিলেন না।’

তিনি জানান, ওই যুবকের ধারণা ছিল, গাছ থেকে নিচে নামলেই পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। এ কারণে তাকে অনেক বুঝিয়েও প্রথমে নামানো সম্ভব হয়নি। রবিউল ইসলাম বলেন, ‘পরে আমরা তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি নামতে রাজি হননি। একপর্যায়ে সাড়ে তিন ঘণ্টা পর তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন। তিনি অনেক ভয় পেয়েছিলেন। পরে তাকে বুঝিয়ে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।’

/এসএন