রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন মরিনহোআগামী মৌসুমে আবারও রিয়াল মাদ্রিদের কোচ হচ্ছেন হোসে মরিনহো—সম্প্রতি এমন গুঞ্জন বেশ জোরালো হয়েছিল। তবে বিষয়টি নিয়ে নীরবতা ভেঙে পর্তুগিজ এই কোচ জানিয়েছেন, লস ব্লাঙ্কোসের পক্ষ থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।২০১০ থেকে ২০১৩ পর্যন্ত রিয়াল মাদ্রিদের দায়িত্বে ছিলেন মরিনহো। তার অধীনে ক্লাবটি জিতেছিল লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছিল, ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ নাকি অভিজ্ঞ এই কোচকে শীর্ষ পছন্দ হিসেবে বিবেচনা করছেন।শুক্রবার (১ মে) সংবাদ সম্মেলনে মরিনহো গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, ‘রিয়াল মাদ্রিদের কেউ আমার সঙ্গে কথা বলেনি—এটা আমি নিশ্চিত করে বলতে পারি। ফুটবলে আমরা এসব গুজবের সঙ্গে অভ্যস্ত, কিন্তু বাস্তবে এমন কিছু ঘটেনি।’বর্তমানে তিনি পর্তুগিজ ক্লাব বেনফিকার কোচ হিসেবে কাজ করছেন। ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত, এবং এই মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বেনফিকাতেই থাকার ইচ্ছার কথা জানিয়েছেন মরিনহো।
/বিএসএস