• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৬:২৬ পিএম


চীনের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দলে থাকছেন ছাত্রদল নেতা হামিম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ মে ২০২৬ ৭:৫৪ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তরুণ প্রতিনিধি হিসেবে ১০ দিনের চীন সফরে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক জিএস প্রার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের আমন্ত্রণে আগামী ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হবে। বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে যুব, নারী ও ছাত্র প্রতিনিধিরা অংশ নেবেন।

গত ১৪ মে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক চিঠির মাধ্যমে এই আমন্ত্রণ জানান।

চিঠিতে উল্লেখ করা হয়, সফরকালে প্রতিনিধি দলটি চীনের চংকিং ও সাংহাই সফর করবে। সেখানে তারা দেশটির উন্নয়ন কর্মকাণ্ড, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নগর পরিকল্পনা, গ্রামীণ পুনরুজ্জীবন এবং স্থানীয় শাসনব্যবস্থার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করবেন।

প্রস্তাবিত সফরসূচি অনুযায়ী, প্রতিনিধি দলটি চংকিং জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ ইনস্টিটিউট, সাংহাই এআই ল্যাব, টংজি বিশ্ববিদ্যালয় এবং সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ (এসআইআইএস)-সহ বিভিন্ন গবেষণা ও নীতিনির্ধারণী প্রতিষ্ঠানে মতবিনিময় করবে।

সফরের আন্তর্জাতিক বিমান ভাড়া, আবাসন এবং চীনের অভ্যন্তরীণ পরিবহণসহ সব ধরনের ব্যয় বহন করবে চীনা পক্ষ। প্রতিনিধি দলটির আগামী ১৪ জুন দেশে ফেরার কথা রয়েছে।

আমন্ত্রিত ২০ প্রতিনিধির মধ্যে যুবদল থেকে রয়েছেন ছয়জন। তারা হলেন—কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক মোহাম্মদ মিনহাজুল ইসলাম ভূঁইয়া, সাবেক সহকারী স্বাস্থ্যবিষয়ক সম্পাদক গালিব হাসান প্রিতম, সাবেক সহকারী প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, সাবেক সদস্য মো. মাহাদী হাসান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল।

এদিকে ছাত্রদলের ১৫ সদস্যের প্রতিনিধিদলের মধ্যে পুরুষ প্রতিনিধি রয়েছেন আটজন। তারা হলেন—কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, প্রথম সহসভাপতি জহির রায়হান আহমেদ, সহসভাপতি এ.বি.এম. ইজাজুল কবির রুয়েল ও মো. মনজুরুল আলম রিয়াদ, ডাকসুর সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. আবিদুল খান, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক।

ছাত্রদলের নারী প্রতিনিধিদের মধ্যে রয়েছেন—কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক জান্নাতুল নওরীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখার সভাপতি শ্রাবণী আক্তার, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল শাখার সভাপতি নওশীন তাবাসসুম অথৈ, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রীবিষয়ক সম্পাদক সেলিমা বিনতে তারিন রোদসী, জাকসুর জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত) শাখার ছাত্রবিষয়ক সম্পাদক রাবেয়া তাহসিন মুন।