• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পিএম


সকাল থেকে নি’খোঁজ, বিকেলে ফুফুর কক্ষের বাক্সে মিলল তাইফার ম’রদেহ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৯:৪৯ পিএম

বান্দরবান সদর উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার পর চার বছর বয়সী এক শিশুর মরদেহ তার ফুফুর কক্ষের একটি বাক্স থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুফু নারগিস সুলতানাকে (৫২) আটক করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার সুয়ালক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ।

নিহত শিশুটির নাম তাইফা সুলতানা (৪)। সে ওই এলাকার টিপু খানের মেয়ে। শিশুটির ফুফু নারগিস সুলতানা পরিবারের সঙ্গে একই বাসায় বসবাস করেন।

শিশুটির পরিবারের বরাতে ওসি মাসুদ পারভেজ জানান, সোমবার সকাল থেকে তাইফা সুলতানাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন।

এরপর শিশুটিকে খুঁজতে বিভিন্নভাবে তৎপরতা চালানো হয়। একপর্যায়ে বিকেলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পরিবারের সদস্যদের সন্দেহ নারগিস সুলতানার দিকে যায়। পরে পুলিশ তার কক্ষে তল্লাশি চালায়।

তল্লাশির সময় নারগিস সুলতানার কক্ষের একটি বাক্সের ভেতর থেকে তাইফা সুলতানার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওসি মাসুদ পারভেজ বলেন, স্থানীয়রা নারগিস সুলতানাকে মানসিক রোগী হিসেবে উল্লেখ করছেন। তবে তিনি আগে কোথাও মানসিক রোগের চিকিৎসা নিয়েছেন কি না কিংবা কোনো চিকিৎসকের কাছে গিয়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, “তিনি আসলে মানসিক রোগী কিংবা হিতাহিত জ্ঞান হারিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন কিনা তদন্তের বিষয়। তদন্ত চলমান আছে।”

এ ঘটনায় আটক নারগিস সুলতানার বিরুদ্ধে থানায় হত্যা মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছেন ওসি মাসুদ পারভেজ।

/এসএন