• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পিএম


শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ অন্য খাতে ব্যয় নয়: মাউশির সতর্কতা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৭:৫৮ পিএম

শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ নির্ধারিত খাতের বাইরে অন্য কোনো খাতে ব্যয় না করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে সরকারি কলেজ ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) শামীম আল মামুনের স্বাক্ষর করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ সেপ্টেম্বরের নির্দেশনার আলোকে ভবিষ্যতে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ এক খাত থেকে অন্য খাতে স্থানান্তর করে ব্যয় করা যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশির চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ সেপ্টেম্বরের নির্দেশনার উল্লেখ করে বলা হয়, ওই নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ ব্যয়ের সময় সংশ্লিষ্ট খাতের বিধিবিধান অনুসরণ করতে হবে।

কোনো নির্দিষ্ট খাতের জন্য আদায় করা অর্থ যেন অন্য কোনো খাতে ব্যয় করা না হয়, তা নিশ্চিত করতে সরকারি কলেজ ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

/এসএন