ফরিদপুরের সদরপুরে ব্যাটারিচালিত চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জামিলা (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া থেকে মোল্লা গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামিলা ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের সৌদি প্রবাসী মো. মহিউদ্দিন সিকদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামিলা ভ্যানে করে তার ভগ্নিপতি মো. রিয়াজুল শেখের বাড়ি মোল্লা গ্রামে যাচ্ছিল। পথে মোল্লা গ্রামের আব্দুর রাজ্জাক মাতুব্বরের বাড়ির পাশের একটি শাখা সড়কে অসাবধানতাবশত তার পরনের ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়।
ওড়না চাকায় পেঁচিয়ে যাওয়ার একপর্যায়ে জামিলা চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আহত জামিলাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ্ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে তা হেফাজতে নেয়। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
/এসএন