পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান একদিন আবার ভারতের অংশ হয়ে যাবে বলে দাবি করেছেন ভারতের যোগগুরু রামদেব। এ বিষয়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বানও জানিয়েছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) ছত্তীসগড়ের রায়পুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রামদেব এ মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় রামদেব বলেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা যে নিপীড়ন ও অবিচারের শিকার হয়েছেন, তা মানব সভ্যতার ইতিহাসে অন্যতম বড় নিষ্ঠুরতা। যাদের কারণে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, তাদের এমন মন্তব্য থেকে বিরত থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
ধর্মীয় ধর্মান্তরকরণ এবং ছত্তীসগড়ে এ বিষয়ে প্রণীত আইন প্রসঙ্গে রামদেব বলেন, হিন্দু, খ্রিস্টান কিংবা মুসলিমদের ওপর নিপীড়নের অভিযোগ মূলত রাজনৈতিক বাকচাতুরী। তার দাবি, ভারতে কোনো ধর্মই বিপন্ন নয়; বরং দেশের সম্মান ও মর্যাদা হুমকির মুখে রয়েছে।
সনাতন ধর্মের বিষয়ে রামদেব বলেন, সনাতন সংস্কৃতি ও ধর্মের মধ্যে কোনো মৌলিক ত্রুটি নেই। সমাজের গুটিকয়েক বিকৃত মানসিকতার মানুষের কারণে বৈষম্যের পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ভগবান রাম, কৃষ্ণ ও শিবের আদর্শ ও মূল্যবোধ অনুসরণ করলে ধর্মান্তরকরণের কোনো প্রশ্নই ওঠে না।
ভারতের ভবিষ্যৎ নিয়ে নিজের লক্ষ্যের কথাও তুলে ধরেন রামদেব। তিনি ভারতকে বিশ্বের সেরা গণতন্ত্র এবং ভারতীয় নাগরিকদের বিশ্বের সেরা নাগরিক হিসেবে দেখতে চান বলে জানান।
পাশাপাশি ভারতীয় অর্থনীতিকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে যাওয়া, ডলার ও পাউন্ডের সমকাজে রুপির মান উন্নীত করা এবং ভারতীয় পাসপোর্টকে এত শক্তিশালী করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন, যাতে বিশ্বজুড়ে ভ্রমণের ক্ষেত্রে ভারতীয়দের কোনো ভিসার প্রয়োজন না হয়।
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো দেশগুলোর কাছ থেকেও ভারত যেন সমান সম্মান অর্জন করে, সেই প্রত্যাশার কথাও জানান তিনি।
সূত্র: ইন্ডিয়া টুডে
/এএসএফ