• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ এএম


বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্ট ‘রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ আগস্ট ২০২৬ ১০:০৫ পিএম

তারেকের ভারত সফরকে হাসিনার প্রত্যর্পণের সঙ্গে যুক্ত করা অপ্রয়োজনীয়: বীণা সিক্রি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে ‘রূঢ়’ ও ‘অহংকারী’ বলেও মন্তব্য করেছেন তিনি।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বীণা সিক্রি বলেন, তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাব্য তারিখ নির্ধারণ নিয়ে দুই দেশের সরকারের মধ্যে এখনো আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ থেকে সফর বাতিলের কোনো বার্তা ভারত পায়নি বলেও দাবি করেন তিনি।

সিক্রির মতে, তারেক রহমানের ভারত সফরকে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবির সঙ্গে যুক্ত করা কূটনৈতিকভাবে অপ্রয়োজনীয়। তার ভাষায়, প্রত্যর্পণ একটি দীর্ঘমেয়াদি আইনি প্রক্রিয়া এবং এ ধরনের প্রক্রিয়া সম্পন্ন হতে অনেক সময় লাগতে পারে। তাই একজন প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরের সঙ্গে এটিকে শর্ত হিসেবে যুক্ত করা ঠিক নয়।

তিনি বলেন, তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে দুবার ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রথমবার সুবিধাজনক সময়ে পরিবারসহ দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল।

পরবর্তী সময়ে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্যও তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়। তবে এসব আমন্ত্রণের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে এখনো প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি বলে দাবি করেন সাবেক এই ভারতীয় হাইকমিশনার।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের সমালোচনা করে সিক্রি সেটিকে ‘রূঢ়’ ও ‘অহংকারী’ বলে মন্তব্য করেন। তার মতে, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের ভাষা কূটনৈতিক পরিবেশের জন্য ইতিবাচক নয়।

/এএসএফ