• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১২:০৭ পিএম


ইরানের সঙ্গে বৈঠকে কোনো আগ্রহ নেই ট্রাম্পের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুলাই ২০২৬ ৪:৩৮ পিএম

ইরান অর্থপূর্ণ পারমাণবিক আলোচনার জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত তেহরানের সঙ্গে কোনো বৈঠকে বসতে ওয়াশিংটনের আগ্রহ নেই বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ওভাল অফিসে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্পের দাবি, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করতে অত্যন্ত আগ্রহী। তবে ওয়াশিংটন যে ধরনের অর্থবহ সংলাপ প্রত্যাশা করছে, তেহরান এখনো সে ধরনের কোনো প্রস্তাব দেয়নি।

ইরানকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, “ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।” তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র এমনভাবে ইরানকে দুর্বল করে দিয়েছে, যা কেউ কল্পনাও করতে পারেনি।

মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, এই মুহূর্তে মার্কিন বাহিনী সরে গেলেও ইরানের পুনর্গঠনে ২০ থেকে ২৫ বছর সময় লাগবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, চলমান যুদ্ধ এখনো শেষ হয়নি।

ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়েলা অভিযানের তুলনায় ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান অনেক বড়। তার দাবি, ইরান এখনো যুক্তরাষ্ট্রের প্রকৃত সক্ষমতা দেখেনি এবং এতদিন ওয়াশিংটন নমনীয় অবস্থানই বজায় রেখেছে।

পিকঅ্যাক্স মাউন্টেনে পারমাণবিক সেন্ট্রিফিউজ সরিয়ে নেওয়ার গুঞ্জন প্রসঙ্গে ট্রাম্প জানান, মার্কিন নথিতে এ ধরনের কোনো তথ্য নেই। তবে যেখানে মূল উপাদান থাকবে, সেখানে খুব শিগগিরই অত্যন্ত ভারী ও মারাত্মক হামলা চালানো হবে বলে সতর্ক করেন তিনি।

এদিকে পরিস্থিতি নিয়ে সামরিক কর্মকর্তাদের পর্যালোচনা বৈঠকে ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল খার্গ দ্বীপ দখল এবং পিকঅ্যাক্স পর্বতের পারমাণবিক কেন্দ্রগুলোতে সরাসরি বিমান হামলার কৌশলগত বিকল্প বিবেচনা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানের উদ্যোগে সমঝোতা স্মারক থাকলেও গত সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে। এর জবাবে ইরানও অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের কারণেই ইসরায়েলের অস্তিত্ব টিকে রয়েছে। পাশাপাশি তিনি জানান, খুব শিগগিরই নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে।

/এসএন