• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০১:২২ পিএম


ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি নয়: ট্রাম্প

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুলাই ২০২৬ ৫:১০ পিএম

সৌদি আরবের সঙ্গে বহুল আলোচিত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তির ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ‘আব্রাহাম আকর্ডস’-এ সৌদি আরব যোগ না দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত পারমাণবিক চুক্তি কার্যকর হবে না।

স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর এই পারমাণবিক সহযোগিতা শুধু বেসামরিক ব্যবহারের জন্য হবে। তবে এর বাস্তবায়ন পুরোপুরি নির্ভর করবে সৌদি আরবের আব্রাহাম আকর্ডসে যোগদানের ওপর।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিটও বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌদি আরব যদি এই আঞ্চলিক শান্তি চুক্তিতে অংশ না নেয়, তাহলে প্রস্তাবিত পারমাণবিক চুক্তি কার্যকর হবে না।

এর আগে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং মার্কিন প্রযুক্তিতে পারমাণবিক চুল্লি নির্মাণ নিয়ে দুই দেশের মধ্যে প্রাথমিক সমঝোতার কথা জানানো হয়েছিল। তবে ট্রাম্পের নতুন শর্তে পুরো প্রক্রিয়ায় নতুন কূটনৈতিক জটিলতা তৈরি হয়েছে।

দীর্ঘদিন ধরে সৌদি আরব জানিয়ে আসছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে না। ট্রাম্পের ঘোষণার পর ওয়াশিংটনে সৌদি দূতাবাস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

অন্যদিকে ট্রাম্পের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, সৌদি আরবের আব্রাহাম আকর্ডসে যোগদান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হবে।

উল্লেখ্য, ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এই চুক্তিগুলোই ‘আব্রাহাম আকর্ডস’ নামে পরিচিত। বর্তমানে সৌদি আরবকে ওই চুক্তিতে অন্তর্ভুক্ত করাকে ওয়াশিংটনের অন্যতম প্রধান কূটনৈতিক লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে।

/এএসএফ