যেকোনো সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে পৃথক দুটি টেলিফোন আলাপে এই বার্তা তুলে ধরেন।ফোনালাপের সময় আরাঘচি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ এবং আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে ইরান কোনো ধরনের আপস করবে না। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের মোকাবিলায় দেশটি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।সাম্প্রতিক বিভিন্ন সামরিক সংঘাত এবং ইরানের কঠোর অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কৌশল নিয়ে উদ্বেগ বাড়ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস-এর এক প্রতিবেদনে বলা হয়, সংঘাতের ব্যাপ্তি ও সম্ভাব্য ঝুঁকি সত্ত্বেও ইরান সামরিক অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না। তেহরানের এই অনড় অবস্থান মার্কিন নীতিনির্ধারকদের বিস্মিত করেছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এক্সিওসকে বলেন, যুদ্ধ আরও বিস্তৃত ও সংঘাতপূর্ণ হয়ে উঠলেও ইরান নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো লক্ষণ দেখাচ্ছে না। সংঘাত মোকাবিলায় দেশটির এই দৃঢ় ও অনমনীয় মনোভাব ওয়াশিংটনের কৌশলগত হিসাব-নিকাশে নতুন করে চাপ সৃষ্টি করেছে।
/বিএসএস