দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পর্যটকবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এর ১৩ আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।শনিবার (১ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টার দিকে পেরুর পুয়েবলো ভিয়েহো এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এর আগে বিমানটি পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেসনা ক্যারাভান সি-২০৮ মডেলের বিমানটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য নাজকা লাইনসের ওপর দিয়ে পর্যটন উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। বিমানটিতে ১১ জন যাত্রী এবং দুইজন পাইলট ছিলেন।পেরুর রাষ্ট্রীয় বার্তাসংস্থার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুইজন জার্মান, দুইজন স্প্যানিশ এবং সাতজন ইতালীয় পর্যটক ছিলেন। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এএফপির বরাতে পুলিশ কর্মকর্তা হোর্হে আন্দ্রাদে জানান, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে কেউই জীবিত নেই। উদ্ধারকারীরা এখন পর্যন্ত চারটি মরদেহ উদ্ধার করেছেন।দক্ষিণ পেরুর নাজকা লাইনস দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। মরুভূমির বুকে আঁকা বিশালাকার প্রাচীন নকশাগুলো আকাশ থেকে দেখার জন্য প্রতিবছর অসংখ্য পর্যটক ছোট বিমানে ভ্রমণ করেন।এর আগেও একই এলাকায় একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে। ২০২২ সালে নাজকা লাইনসের ওপর দিয়ে উড্ডয়নের সময় একটি পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হন। এছাড়া ২০১০ সালে একই এলাকায় আরেকটি বিমান দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছিল।
সূত্র: বিবিসি, এএফপি
/বিএসএস