• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১১:৪২ এএম


ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ আগস্ট ২০২৬ ১১:৪০ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরান দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে পারলেই কেবল এই সিদ্ধান্ত বহাল থাকবে।রোববার (২ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।পোস্টে ট্রাম্প লিখেছেন, “বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে এবং একই সঙ্গে একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার জন্য আমি হামলাটি বাতিল করতে রাজি হয়েছি। তবে শর্ত হলো, দেশটিকে দ্রুত একটি চুক্তি করতে হবে।”তিনি আরও দাবি করেন, সম্ভাব্য একটি চুক্তির মূল কাঠামো ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। সেই কাঠামোর মধ্যে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে। তিনি আরও জানান, ইসরায়েলের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, ট্রাম্প প্রশাসন সপ্তাহান্তে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছিল। এসব প্রতিবেদনের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।এদিকে তেহরান সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তেজনা বাড়ানোর অভিযোগ তোলে। একই সঙ্গে ইরান সতর্ক করে জানায়, ওয়াশিংটনকে সহযোগিতা করা যেকোনো আঞ্চলিক রাষ্ট্র ‘যুদ্ধের আগুনে ভস্মীভূত হবে’।পরিস্থিতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি পরিস্থিতির আরও অবনতি হলে দ্রুত এলাকা ত্যাগের প্রস্তুতি রাখতেও বলা হয়েছে।অন্যদিকে, রোববার ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর বরাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা টিআরটি জানায়, ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনীও সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ইসরায়েলের আশঙ্কা, এমন হামলা হলে ইরান পাল্টা প্রতিক্রিয়ায় দেশটিকেই লক্ষ্যবস্তু করতে পারে।

সূত্র: বিবিসি, আল জাজিরা।

/বিএসএস