• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫২ এএম


সিলেটি গানের তিন প্রজন্ম একসঙ্গে, আসছে ‘কই রইলা রে’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ মে ২০২৬ ১২:০১ এএম

২০০৩ সালে প্রকাশিত ‘কৃষ্ণ’ অ্যালবামের মাধ্যমে বাংলা পপগানে নতুন এক ধারা নিয়ে এসেছিলেন হাবিব ওয়াহিদ ও কায়া। লোকগানের ফিউশনধর্মী সেই অ্যালবাম তরুণ শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর ২০০৪ সালে কায়া ও হেলালকে নিয়ে ‘মায়া’ অ্যালবাম প্রকাশ করেন হাবিব। দীর্ঘ ২২ বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন হাবিব ওয়াহিদ ও কায়া।

তাঁদের নতুন গান ‘কই রইলা রে’ আগামী ২৭ মে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। এই গানে হাবিব ও কায়ার সঙ্গে যুক্ত হয়েছেন তরুণ সংগীতশিল্পী মুজা।

নতুন গান প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, “গানটি নিয়ে অনেক রোমাঞ্চিত, কারণ প্রায় ২২ বছর পর কায়া ভাইয়ের সঙ্গে কোনো কাজ মুক্তি হচ্ছে। গানটির রেকর্ডিং অনেক আগে হলেও এখনকার স্টাইল এবং অ্যাপ্রোচ অনুযায়ী মিউজিক করা হয়েছে।”

একই গানে তিন প্রজন্মের শিল্পীর অংশগ্রহণ নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন হাবিব। তিনি বলেন, “ভবিষ্যতে এটি একটি দারুণ স্মৃতি হয়ে থাকবে। কায়া ভাইয়ের মাধ্যমে সিলেটি গান দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলাম, আর মুজাও সিলেটি এবং সে ছোটবেলা থেকেই কায়া ভাইয়ের ‘কৃষ্ণ’ ও ‘মায়া’ অ্যালবাম শুনে অনুপ্রাণিত হয়েছে। তিনজন প্রথমবার একসঙ্গে কাজ করছি, আশা করি শ্রোতারা ভালো কিছু পাবেন।”

হাবিব জানান, গানটির মূল লেখক ও সুরকার সিলেটের লোকসংগীতশিল্পী সৈয়দ দুলাল। এটি মূলত একটি রিমেক গান হলেও হাবিব ও মুজার অংশে নতুন কিছু কথা যুক্ত করা হয়েছে।

গানটির ভাবনা সম্পর্কে হাবিব বলেন, “গানটি মূলত একটি আধ্যাত্মিক ঘরানার, যেখানে জীবনের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোর মাঝে স্রষ্টার অস্তিত্ব বা প্রশান্তি খুঁজে পাওয়ার কথা বলা হয়েছে।”