• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম


না ফেরার দেশে ‘শার্লক হোমস’ সিরিজের অভিনেতা ডেভিড বার্ক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ মে ২০২৬ ১১:৩১ পিএম

জনপ্রিয় টিভি সিরিজ ‘শার্লক হোমস’-এ ড. ওয়াটসন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ব্রিটিশ অভিনেতা ডেভিড বার্ক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

গত ১০ মে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার (১৫ মে) তার প্রতিনিধিত্বকারী সংস্থা স্কট মার্শাল পার্টনার্স বিষয়টি নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

১৯৩৪ সালের ১৫ মে জন্মগ্রহণ করেন ডেভিড বার্ক। লন্ডনের খ্যাতনামা অভিনয় শিক্ষাপ্রতিষ্ঠান রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট থেকে অভিনয়ের প্রশিক্ষণ নেন তিনি। পরবর্তীতে জাতীয় নাট্যশালার মঞ্চে কিং লিয়ার নাটকে অভিনয় করেন। সেখানে তার সহশিল্পী ছিলেন ইয়ান হলম।

দীর্ঘ অভিনয়জীবনে ডেভিড বার্ক টেলিভিশন ও মঞ্চে অসংখ্য জনপ্রিয় প্রযোজনায় অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ‘মিডসোমার মার্ডার্স’, ‘রেইলি, এস অব স্পাইজ’, ‘দ্য ওম্যান ইন ব্ল্যাক’, ‘দ্য রাইভালস’, ‘বার্টি অ্যান্ড এলিজাবেথ’ এবং ‘দ্য ম্যান হু সো টুমরো’।

আশির দশকে জেরেমি ব্রেটের সঙ্গে ‘শার্লক হোমস’ সিরিজের প্রথম মৌসুমে ড. ওয়াটসন চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। পরে দ্বিতীয় সিজনে তার পরিবর্তে ওই চরিত্রে অভিনয় করেন এডওয়ার্ড হার্ডউইক।

জানা গেছে, দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থেকে শুটিং করতে হওয়ায় মানসিকভাবে কষ্ট পেতেন ডেভিড বার্ক। স্ত্রী ও সন্তানের কাছ থেকে দূরে থাকার কারণেই তিনি ‘শার্লক হোমস’-এর দ্বিতীয় মৌসুমে আর অভিনয় না করার সিদ্ধান্ত নেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী আনা ক্যালডার মার্শাল এবং ছেলে টম বার্ককে রেখে গেছেন।

তার ছেলে টম বার্কও বাবার পথ অনুসরণ করে অভিনয় জগতে যুক্ত হয়েছেন। তিনি ‘দ্য মাস্কেটিয়ার্স’ ও ‘স্ট্রাইক’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন।

/এসএন