সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘রাগ করলা’ সংলাপ নিয়ে এবার মুখ খুললেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ভাইরাল বিষয়বস্তু ঘিরে মানুষের অতিরিক্ত উচ্ছ্বাস এবং পরে সেটিকে ঘিরে সামাজিক প্রতিক্রিয়াকে ‘দ্বিমুখী আচরণ’ হিসেবে উল্লেখ করে সমালোচনা করেছেন তিনি।
মঙ্গলবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নিলয়। স্ট্যাটাসে তিনি লেখেন, “রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শো-রুম উদ্বোধন করাইয়ো। এওয়ার্ড প্রোগ্রামে ইনভাইট করে এওয়ার্ড দিও। তারপর স্ট্যাটাস দিও রুচির দুর্ভিক্ষ।”
মূলত সামাজিক মাধ্যমে হঠাৎ ভাইরাল হয়ে ওঠা সস্তা বা মানহীন কনটেন্টকে ঘিরে যে বাণিজ্যিক প্রচারণা ও সামাজিক মাতামাতি তৈরি হয়, নিলয় আলমগীর তার স্ট্যাটাসে সেই প্রবণতার দিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করছেন অনেকে।
অভিনেতার এই স্পষ্টভাষী মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক নেটিজেন তার বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন। তাদের মতে, ভাইরাল হওয়ার পর অনেক সময় মানহীন কনটেন্ট কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের অতিরিক্ত প্রচার দেওয়া হয়, পরে আবার সেই বিষয় নিয়েই সমালোচনা শুরু হয়।
কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক’ সংলাপটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই সংলাপের মাধ্যমে পরিচিতি পাওয়া এক কথিত কবিরাজকে ঘিরে নানা ধরনের ভিডিও ও কনটেন্ট ভাইরাল হয়।
তবে পরে জানা যায়, তিনি প্রকৃতপক্ষে কোনো কবিরাজ নন। তার নাম ঈমান আলী এবং তিনি একজন অভিনেতা। গাজীপুরে বসবাসকারী এই ব্যক্তি অভিনয়ের মাধ্যমেই আলোচনায় এসেছেন।
এর আগেও বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ব্যক্তি বা কনটেন্টকে মূলধারার বিনোদন ও বাণিজ্যিক কর্মকাণ্ডে জায়গা দেওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক তারকা ও সংস্কৃতিকর্মী। এবার নিলয় আলমগীরের মন্তব্যের পর ভাইরাল সংস্কৃতি, সামাজিক রুচিবোধ এবং অনলাইন বিনোদনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
/এসএন