রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত দুই সিনেমা ‘প্রিন্স’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর ডিজিটাল প্রিমিয়ারের ঘোষণা এসেছে। আগামী ২৪ মে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে ‘বনলতা এক্সপ্রেস’। অন্যদিকে কোরবানির ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইয়ে প্রচারিত হবে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’।
ব্যবসায়িকভাবে সফল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির প্রায় দুই মাস পরও দেশ-বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকপ্রিয়তা ধরে রেখেছে। তানিম নূর পরিচালিত সিনেমাটি হলের সফলতা চলমান থাকতেই এবার হোম স্ক্রিনে আসছে।
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজ, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধনসহ একাধিক তারকা শিল্পী।
সিনেমার গল্প আবর্তিত হয়েছে ট্রেনযাত্রায় থাকা একদল যাত্রীকে ঘিরে। সেখানে দেখা যায় মানসিকভাবে অসুস্থ মাকে নিয়ে ভ্রমণরত ডাক্তার আশহাব, নতুন জীবনের সন্ধানে বের হওয়া চিত্রা, অঙ্কের অধ্যাপক রশীদ উদ্দিন এবং প্রভাবশালী শিক্ষামন্ত্রী আবুল খায়ের খানকে। ট্রেনের এই যাত্রাই তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
অন্যদিকে চ্যানেল আইয়ে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য ও ইন্তেখাব দিনার।
সবচেয়ে বেশি হলে মুক্তি পেলেও ‘প্রিন্স’ প্রত্যাশামতো ব্যবসায়িক সফলতা পায়নি। সিনেমাটির পোস্টার, টিজার ও গান সময়মতো প্রকাশ না পাওয়ায় প্রচারণায় ঘাটতি ছিল বলে অভিযোগ ওঠে। এছাড়া মুক্তির পর সাউন্ড, কালার, ভিএফএক্স এবং গল্পের সামঞ্জস্য নিয়েও সমালোচনা করেন দর্শকদের একটি অংশ।
পরে অনুমোদন ছাড়াই সিনেমাটিতে কিছু গান ও দৃশ্য সংযোজনের অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ‘প্রিন্স’-এর সেন্সর সনদ স্থগিত করে। এরপর থেকে সিনেমাটি আর প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়নি।
নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি এবার টেলিভিশন প্রিমিয়ারের মাধ্যমে দর্শকদের সামনে আসছে।
এদিকে কোরবানির ঈদ উপলক্ষে চ্যানেল আই সাত দিনে সাতটি সিনেমার টিভি প্রিমিয়ারের আয়োজন করেছে। ঈদের দিন প্রচারিত হবে মিঠু খান পরিচালিত ‘নীল চক্র’। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী।
ঈদের তৃতীয় দিন প্রচার হবে ‘সাবা’। মাকসুদ হোসেন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী ও মোস্তফা মনওয়ার।
চতুর্থ দিনে থাকছে আলোক হাসান পরিচালিত ‘টগর’, যেখানে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী।
ঈদের পঞ্চম দিন প্রচারিত হবে পিপলু আর খান পরিচালিত ‘জয়া আর শারমিন’। এতে অভিনয় করেছেন জয়া আহসান।
ষষ্ঠ দিনে দেখানো হবে লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’। এতে অভিনয় করেছেন ইরেশ যাকের ও আনান সিদ্দিক।
আর সপ্তম দিনে প্রচার হবে কুসুম শিকদার পরিচালিত ‘শরতের জবা’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন কুসুম শিকদার। এছাড়া অভিনয়ে রয়েছেন ইয়াশ রোহান ও নিদ্রা দে নিহা।
চ্যানেল আইয়ের এ বিশেষ আয়োজনের সব সিনেমা প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে।
/এসএন