কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার–এর মৃত্যুর পর সামাজিক মাধ্যমে তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। কেউ শেয়ার করছেন ব্যক্তিগত মুহূর্তের ছবি, কেউবা তুলে ধরছেন তার সঙ্গে কাটানো স্মরণীয় সময়ের গল্প।
এমনই এক আবেগঘন স্মৃতি প্রকাশ করেছেন উপস্থাপক রুম্মান রশীদ খান। শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনার একটি সাদাকালো ছবি প্রকাশ করেন তিনি।
প্রকাশিত ছবিতে রাস্তায় তাকিয়ে থাকতে দেখা যায় কারিনাকে। তার মুখে ছিল মৃদু হাসি। ছবিটি শেয়ার করে রুম্মান রশীদ খান ক্যাপশনে লেখেন, কারিনার এই ছবিটি তুলে যখন সাদা-কালো এফেক্ট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন, তখন কারিনা বলেছিলেন, ‘ওয়াও! কী জোস! আমাকে তো নায়িকা নায়িকা লাগছে। আমি মারা যাবার পর এই ছবিটা দিয়েন!’
এই পোস্ট প্রকাশের পর সামাজিক মাধ্যমে তা ব্যাপক আবেগ তৈরি করে। ভক্ত ও শুভানুধ্যায়ীরা কারিনার স্মৃতিচারণ করে নানা মন্তব্য করছেন।
জানা গেছে, কারিনা কায়সার দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কনটেন্ট ক্রিয়েশন, নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে কাজের মাধ্যমে তরুণ দর্শকদের কাছে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছিলেন কারিনা। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি।
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, নির্মাতা এবং ভক্তরা সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন। অনেকেই স্মৃতি ও ভালোবাসার বার্তা দিয়ে তাকে স্মরণ করছেন।
/এসএন