• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫২ এএম


শাকিব-বুবলীর ঘরে নতুন অতিথি, প্রকাশ্যে এলো কন্যার নাম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ জুন ২০২৬ ৯:১৬ পিএম

সব ধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সুখবর নিজেই জানালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে এই আনন্দের সংবাদ ভাগাভাগি করেছেন অভিনেত্রী। একইসঙ্গে প্রকাশ করেছেন নবজাতক কন্যার নামও।

শুক্রবার (৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বুবলী লেখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”

পোস্টের সঙ্গে শেয়ার করা একটি কার্ডে নবজাতক কন্যার নাম ‘শারলিন খান’ উল্লেখ করা হয়েছে। সেখানে আরও জানানো হয়, শিশুটির জন্ম হয়েছে ২০২৬ সালের ১১ মে। কার্ডে বাবা-মা হিসেবে শাকিব খান ও শবনম বুবলীর নামও উল্লেখ রয়েছে।

ইংরেজিতে দেওয়া আরেকটি বার্তায় বুবলী জানান, পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে পেরে তারা আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে উঠেছেন। একইসঙ্গে ভালোবাসা, শুভকামনা ও দোয়ার জন্য সবার প্রতি ধন্যবাদও জানান তিনি।

কন্যাসন্তানের জন্মের এই খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শুরু করেছেন।

/এসএন