• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫২ এএম


পাপারাজ্জিদের সঙ্গে উত্তেজনার পর উধাও সালমানের ইনস্টাগ্রাম আইডি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ মে ২০২৬ ১২:২৩ এএম

বলিউড তারকা সালমান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সোমবার হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাওয়ায় ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে। অভিনেতার প্রোফাইলে প্রবেশ করতে গেলে দেখা যাচ্ছিল—‘সরি, দিজ পেজ ইজ নট অ্যাভেলেবল’ বার্তা।

এনডিটিভি, পিংকভিলা ও ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা ও জল্পনা। তবে ভক্তদের উৎকণ্ঠা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু সময় পর আবারও সচল হয়ে ওঠে সালমান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এতে স্বস্তি ফেরে তাঁর অনুসারীদের মধ্যে।

যদিও অ্যাকাউন্টটি সাময়িকভাবে অদৃশ্য হওয়ার কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি সালমান খান।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করছেন, সম্প্রতি হাসপাতালের সামনে পাপারাজ্জিদের সঙ্গে হওয়া উত্তেজনাকর পরিস্থিতির সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক থাকতে পারে। যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সম্প্রতি হিন্দুজা হাসপাতালের সামনে আলোকচিত্রীদের আচরণে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন সালমান। অভিযোগ রয়েছে, হাসপাতালে অবস্থানকালে কিছু পাপারাজ্জি তাঁকে ঘিরে ধরেন এবং আপত্তি সত্ত্বেও অনুসরণ করতে থাকেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ আচরণকে ‘অসংবেদনশীল’ বলে মন্তব্য করেন অভিনেতা। গত ২০ মে রাতে দেওয়া একাধিক পোস্টে সালমান বলেন, তিনি সবসময় সংবাদমাধ্যমের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং তাদের পেশাগত বাস্তবতাকেও সম্মান করেন। তবে কারো ব্যক্তিগত সংকট বা দুঃসময়কে কনটেন্টে পরিণত করার প্রবণতাকে তিনি সমর্থন করেন না।

পাপারাজ্জিদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, “এমন পরিস্থিতিতে আমি সব সীমা অতিক্রম করতে পারি। পরেরবার কারো দুঃখ নিয়ে আমার সঙ্গে এটা করার চেষ্টা করো না। যখন তোমাদের পরিবারের কেউ হাসপাতালে থাকবেন, তখন আমি কি এভাবে আচরণ করব?”

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতেও দেখা যায়, হাসপাতালের বাইরে আলোকচিত্রীদের চুপ থাকতে বলছেন সালমান খান। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, তাদের পরিবারের কেউ হাসপাতালে থাকলে তারা এমন আচরণ করতেন কি না। পরে কয়েকজন আলোকচিত্রী অভিনেতার কাছে ক্ষমাও চান।