• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৬:২৬ এএম


রুমিন ফারহানার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ, সরাইলে হেফাজতের মানববন্ধন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ জুন ২০২৬ ৯:১৯ এএম

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। মঙ্গলবার (২ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ‘সচেতন ইসলামপ্রিয় জনতা’র ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

কর্মসূচিতে হেফাজতে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হেফাজতে ইসলামের যুববিষয়ক সম্পাদক জুনায়েদ কাসেমী, ছাত্রবিষয়ক সম্পাদক এরশাদ উল্লাহ কাসেমী এবং সরাইল উপজেলা হেফাজতে ইসলামের সহসভাপতি হাজী মহিবুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক এক বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা ইসলাম, আজান ও ওয়াজ সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য করেছেন। তারা দাবি করেন, ব্রাহ্মণবাড়িয়ায় কোনো ধরনের অপসংস্কৃতি বরদাশত করা হবে না এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

এর আগে সোমবার (১ জুন) শাহবাজপুরে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আয়োজিত একটি মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন রুমিন ফারহানা। সেখানে তিনি বলেন, ‘যে রাষ্ট্র ৬ বছরের শিশুকে ধর্ষণ ও বলাৎকারের হাত থেকে রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়?’

একই বক্তব্যে তিনি আরও বলেন, ‘গত দুই বছরে একের পর এক মাজার ভাঙা হয়েছে, কবর থেকে লাশ তুলে পোড়ানো হয়েছে। দক্ষিণপন্থা বা ডানপন্থা উগ্রবাদের উত্থান আমরা দেখেছি। কিন্তু আমার দেশের মাটি এমন ছিল না। এই দেশে যেমন কোরআন তিলাওয়াত শুনেছি, তেমনি হারমোনিয়াম নিয়ে শিশুদের গান শেখার দৃশ্যও দেখেছি। তাহলে এই বাংলাদেশকে কারা মৌলবাদের ভূমি বানাতে চায়?’

উল্লেখ্য, গত ৩০ মে ব্রাহ্মণবাড়িয়া শহরে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী কওমি মাদরাসার শিক্ষার্থীদের বাধার মুখে স্থগিত করা হয়েছে বলে অভিযোগ করেন আয়োজকরা। একই দিন রাতে কসবা উপজেলার তালতলা গ্রামেও প্রশাসনের হস্তক্ষেপে চলচ্চিত্রটির প্রদর্শনী বন্ধ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

রুমিন ফারহানার বক্তব্য এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

/এসএন