• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১২:৪১ এএম


পিকআপের ধাক্কায় প্রাণ গেল একই মসজিদের ইমাম ও মুয়াজ্জীনের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ আগস্ট ২০২৬ ১১:২১ পিএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন।রোববার (২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকার পুরোনো মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন উপজেলার ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদিন (৩৮) এবং মঘাদিয়া ইউনিয়নের মঘাদিয়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২)।জয়নাল আবেদিন ইছাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ওলামা দলের সভাপতি এবং দরগাহপাড়া কালা পীরশাহ জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন। একই মসজিদের মুয়াজ্জিন ছিলেন জহির উদ্দিন।প্রত্যক্ষদর্শীরা জানান, বারইয়ারহাট পৌরবাজারে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জয়নাল আবেদিন ও জহির উদ্দিন। পথে জোরারগঞ্জের চৌধুরীহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাফায়াত হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত মাছবাহী পিকআপটি শনাক্ত এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

/বিএসএস