• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১১:৩২ এএম


এইচএসসি ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা রাব্বি বহিষ্কার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ আগস্ট ২০২৬ ১১:৩৪ পিএম

যশোরের চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করেছে যশোর জেলা ছাত্রদল।রোববার (২ আগস্ট) জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. শাহ নেওয়াজ ইমরানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী আরাফাত হোসেন রাব্বিকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান বাপ্পি এবং সদস্যসচিব মো. শাহ নেওয়াজ ইমরান।এদিকে, অভিযোগ রয়েছে যে চৌগাছার এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে দেওয়ার কথা বলে শহরে নিয়ে যান আরাফাত হোসেন রাব্বি। পরে কৌশলে তাকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।অভিযোগ অনুযায়ী, ঘটনার পর ওই ছাত্রী অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে পরিবারের পক্ষ থেকে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ আরাফাত হোসেন রাব্বিকে গ্রেফতার করে।পুলিশের গ্রেফতারের পরপরই দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে যশোর জেলা ছাত্রদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।উল্লেখ্য, ধর্ষণের অভিযোগটি বর্তমানে তদন্তাধীন। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ার আগে অভিযুক্ত আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

/বিএসএস