• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০২:০২ এএম


আসামির জন্য আনা পাউরুটির ভেতরে মিলল দুই পুরিয়া গাঁজা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ আগস্ট ২০২৬ ১:৪৫ এএম

ঢাকার আদালতে হাজিরা দিতে আনা এক কারাবন্দী আসামির জন্য স্বজনের দেওয়া পাউরুটির ভেতর থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করেছে পুলিশ। হাজতখানায় নেওয়ার আগে নিয়মিত তল্লাশির সময় পাউরুটির ভেতরে গাঁজা থাকার বিষয়টি ধরা পড়ে। খাবারটি কে দিয়েছিলেন, তা শনাক্ত করতে আদালত চত্বরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আরিফুল ইসলামের আদালতে আসামি মো. মামুনকে হাজির করা হয়। হাজিরা শেষে তাঁকে আদালতের হাজতখানায় নেওয়ার প্রস্তুতির সময় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতে শুনানি শেষে মামুনকে হাজতখানায় নেওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় আদালত চত্বরে তাঁর এক স্বজন খাবার হিসেবে একটি পাউরুটির প্যাকেট দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এসকর্ট কনস্টেবল মো. শাহেদ পাউরুটির প্যাকেটটি তল্লাশি করেন।

প্রথম দফার তল্লাশিতে পাউরুটির ভেতরে সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। পরে আবার পরীক্ষা করার সময় পাউরুটিতে একটি ছোট ছিদ্র চোখে পড়ে। সেটি খুঁটিয়ে পরীক্ষা করতেই পাউরুটির ভেতর থেকে কাগজে মোড়ানো দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। বেলা তিনটার পর এ ঘটনা ঘটে।

ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল প্রথম আলোকে বলেন, আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় আসামির স্বজনেরা খাবার দেওয়ার জন্য অনুরোধ করেন। দায়িত্ব পালনরত কনস্টেবল প্রথমে এতে রাজি হননি। পরে মানবিক বিবেচনায় একটি পাউরুটি নেওয়ার অনুমতি দেওয়া হয়। প্রাথমিক তল্লাশিতে কোনো সন্দেহজনক বস্তু ধরা পড়েনি।

পরে দ্বিতীয় দফায় পরীক্ষা করার সময় পাউরুটিতে একটি ছোট ছিদ্র দেখা যায়। সেটি ভালোভাবে পরীক্ষা করতেই ভেতর থেকে কাগজে মোড়ানো দুই পুরিয়া গাঁজা পাওয়া যায় বলে জানান মহিউদ্দিন মাহমুদ সোহেল।

কে ওই খাবারটি দিয়েছিলেন, তা শনাক্ত করতে আদালত চত্বরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আসামি মো. মামুনকেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি প্রসিকিউশন বিভাগের এই কর্মকর্তা।

তিনি বলেন, খাবারটি দেওয়া ব্যক্তিকে শনাক্ত করা গেলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মহিউদ্দিন মাহমুদ আরও বলেন, মো. মামুন কোন মামলায় কারাগারে আছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পাউরুটির ভেতর থেকে গাঁজা উদ্ধারের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।