• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১১:৩০ পিএম


বেনজীরকে দেশে ফেরাতে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ আগস্ট ২০২৬ ৯:১৪ পিএম

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের শর্তসাপেক্ষ জামিন বাতিল করে তাকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইন সহায়তা প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সের সম্মেলন কেন্দ্রের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক আইজিপি বেনজীর আহমেদ সম্প্রতি দুবাইয়ের একটি আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে সরকার জেনেছে। বিষয়টি নিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে দুবাইয়ের আদালতের দেওয়া জামিন আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহের চেষ্টা চলছে। সেটি হাতে পাওয়ার পর সরকার পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, বেনজীর আহমেদের জামিন বাতিলের আবেদন করতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুবাইয়ে একটি ল’ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুতই বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এর আগে রোববার বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া সকালে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

/এএসএফ