চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষ হওয়ার পর বরাদ্দের অব্যবহৃত ২০ লাখ ১৮ হাজার ৫৮৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, উপজেলার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে মুন্সিরকান্দি-লবাইরকান্দি ব্রিজ থেকে ব্রাহ্মণচক কলসভাঙ্গা ব্রিজ পর্যন্ত প্রায় ৩ দশমিক ৫ কিলোমিটার খাল পুনঃখননের জন্য সরকার ১ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৩২ টাকা বরাদ্দ দেয়।নির্ধারিত সময়ের মধ্যে খাল খননের কাজ সম্পন্ন হওয়ার পর প্রকল্পের ২০ লাখ ১৮ হাজার ৫৮৯ টাকা অব্যবহৃত থেকে যায়। পরবর্তীতে সেই অর্থ সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়।স্থানীয় দুর্গাপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. আলী ও স্থানীয় বাসিন্দা মেরাজ উদ্দিন শুভ বলেন, কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পর উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার ঘটনা খুবই বিরল। তারা মনে করেন, এই খাল পুনঃখননের ফলে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে, জলাবদ্ধতা কমবে এবং বর্ষাকালে পানি নিষ্কাশন আরও সহজ হবে। একই সঙ্গে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধিতেও প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে।এ বিষয়ে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, “সরকারি অর্থ মানেই জনগণের আমানত। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা ও নিয়মিত তদারকি থাকলে নির্ধারিত বাজেট থেকেও সাশ্রয়ীভাবে মানসম্মত কাজ সম্পন্ন করা সম্ভব। আমরা সেই চেষ্টাই করেছি। জনগণের টাকা জনগণের কাছে এবং রাষ্ট্রীয় তহবিলেই ফিরে গেছে।”
/বিএসএস