জাপানের ঐতিহ্যবাহী ‘ইউবারি কিং’ প্রজাতির এক জোড়া তরমুজ ২০২৬ সালের মে মাসে অনুষ্ঠিত মৌসুমের প্রথম নিলামে রেকর্ড ৫.৮ মিলিয়ন ইয়েনে বিক্রি হয়েছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৩৪ লাখ রুপি। এই অর্থ দিয়ে প্রযুক্তির বাজারের এক ডজনেরও বেশি ফ্ল্যাগশিপ আইফোন কিংবা অনায়াসে একাধিক নতুন গাড়ি কেনা সম্ভব।
মে মাসের শেষদিকে জাপানের সাপ্পোরো সেন্ট্রাল হোলসেল মার্কেটে আয়োজিত বার্ষিক ফলের নিলামে এ রেকর্ড মূল্য ওঠে। ব্যবসায়িক প্রচার, ঐতিহ্য ধরে রাখা এবং সর্বোচ্চ মানের ফলের স্বীকৃতি অর্জনের প্রতিযোগিতার অংশ হিসেবেই ক্রেতারা এ ধরনের নিলামে অস্বাভাবিক উচ্চ দর হাঁকিয়ে থাকেন।
শুধু নিলামেই নয়, জাপানের সাধারণ বাজারেও ইউবারি কিং তরমুজের দাম বেশ চড়া। আকার, আকৃতি এবং মিষ্টতার মান অনুযায়ী একটি তরমুজের দাম সাধারণত ১২ হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্যে থাকে। আর উপহার দেওয়ার জন্য নির্ধারিত প্রিমিয়াম মানের ইউবারি কিং তরমুজের দাম সাধারণ দোকানেই ৬৫ হাজার টাকার বেশি হয়ে থাকে।
‘আর্লস ফেভারিট’ এবং ‘বার্পিসের স্পাইসি’—এই দুটি প্রজাতির সংকরায়ণে তৈরি ইউবারি কিং তরমুজ অত্যন্ত যত্নের সঙ্গে গ্রিনহাউসে চাষ করা হয়। চাষের পুরো প্রক্রিয়ায় তাপমাত্রা, সেচব্যবস্থা এবং প্রাকৃতিক পরাগায়ন অত্যন্ত নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা হয়, যাতে তরমুজটি হয় একেবারে গোলাকার, মিহি জালের মতো বহিরাবরণযুক্ত এবং ভেতরে থাকে গাঢ় কমলা রঙের অত্যন্ত মিষ্টি শাঁস।
জাপানি সংস্কৃতিতে ইউবারি কিং তরমুজ বিশেষ অনুষ্ঠান বা সম্মানিত ব্যক্তিকে উপহার দেওয়ার একটি মর্যাদাপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হয়। সীমিত উৎপাদন, কঠোর মান নিয়ন্ত্রণ এবং শ্রমঘন চাষাবাদই এ ফলকে বিশ্বের সবচেয়ে দামি ফলগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
/এসএন