কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র্যাব-১৫। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (২ আগস্ট) বিকেলে কক্সবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১৫-এর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, মিয়ানমার থেকে নাফ নদীপথে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কয়েকজন পাচারকারী বাংলাদেশে প্রবেশ করেছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, মৃত নাজির আহম্মেদের ছেলে ফজল করিমের মাছের ঘেরের দক্ষিণ পাশে ধানের ছড়া খালের কাঁচা সড়কে অভিযান চলাকালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে সাঁতরে তাদের আটক করেন।
আটক দুজন হলেন—মিয়ানমারের পিন্ডিসং জেলার সুলিয়া পাড়ার আব্দুল আলীর ছেলে করিম আলী (৩২) এবং মন্ডু ধলিয়া পাড়ার সৈয়দ হোসেনের ছেলে হাসান আরাফ (৪৪)।
পরবর্তীতে তাদের সঙ্গে থাকা দুটি বস্তায় তল্লাশি চালিয়ে ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন নিজেদের মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ আরও জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
/এসএন