লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এক বিএনপি নেতার গাঁজা ও ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে অভিযুক্ত ওই নেতা মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় ৩৫ সেকেন্ডের ভিডিওটি প্রতিবেদকের হাতে আসে। এরপর থেকেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত ব্যক্তির নাম মিরন জমাদ্দার। তিনি রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। পেশায় তিনি একজন চা দোকানি।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মিরন জমাদ্দার একটি সিগারেটের ভেতরে গাঁজা ভরছেন। পরে সেই গাঁজাভর্তি সিগারেট রেখে ইয়াবা সেবন করতে দেখা যায় তাকে। এ বিষয়ে বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ ভূঁইয়া বলেন, মিরন তাকে জানিয়েছেন, ঘটনাটি আওয়ামী লীগ সরকারের সময়কার। তার দাবি, সে সময় পরিস্থিতির শিকার হয়ে এবং আওয়ামী লীগের লোকজনের প্ররোচনায় তিনি মাদক সেবন করেছিলেন। বর্তমানে রাজনৈতিক বিরোধের কারণেই পুরোনো ভিডিওটি প্রকাশ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মারুফ ভূঁইয়া আরও বলেন, মিরন বর্তমানে মাদকের বিরুদ্ধে তাদের সঙ্গে কাজ করছেন। কিছুদিন আগেও তিনি কয়েকজন মাদকসেবীকে ধরিয়ে দিয়েছেন। তিনি ওয়ার্ড বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক এবং এখন আর মাদক সেবন করেন না। ভাইরাল হওয়া ভিডিওটি পুরোনো বলে দাবি করেন তিনি।
এদিকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। তবে ভিডিওটি তার নজরে এসেছে। তিনি জানান, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং রোববারও এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে।
/এসএন