• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১২:০৩ এএম


ট্রাম্পকে ইরানে হামলা থেকে বিরত থাকার আহ্বান সৌদি যুবরাজের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ আগস্ট ২০২৬ ১০:৫৩ পিএম

ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। শনিবার এক টেলিফোন আলাপে তিনি এই অনুরোধ জানান।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে আল মায়েদিন নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের বেসামরিক জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হওয়ার পরই সৌদি আরব উদ্বেগ প্রকাশ করে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত নির্দেশ দেননি প্রেসিডেন্ট ট্রাম্প।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছে রিয়াদ। এ কারণে সৌদি কর্মকর্তারা ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট অবস্থান জানতে চেয়েছেন।

এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব যুদ্ধসংক্রান্ত মার্কিন পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার বার্তা প্রত্যাশা করছে।

সৌদি সূত্রের দাবি, যুবরাজ মোহাম্মদ বিন সালমান টেলিফোন আলাপে প্রেসিডেন্ট ট্রাম্পকে উত্তেজনা প্রশমিত করার এবং সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে আসার অনুরোধ জানিয়েছেন। তবে এ বিষয়ে হোয়াইট হাউস কিংবা ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যেকোনো হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরান তার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত।

তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে সহযোগিতা করলে সংশ্লিষ্ট আঞ্চলিক দেশগুলোকেও উপযুক্ত জবাবের মুখোমুখি হতে হবে।

এদিকে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, ইরানের ওপর যেকোনো হামলার জবাব শুধু উপসাগরীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। যেখান থেকেই হামলা হোক না কেন, তার পাল্টা জবাব দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

সূত্র: আল মায়েদিন

/এএসএফ