বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে মিশরের ৩-২ গোলের নাটকীয় হারের পর রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্বে চলমান বিতর্কে এবার মন্তব্য করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি দাবি করেছেন, মিশর যোগ্যতার অভাবে নয়, বরং পক্ষপাতিত্বের শিকার হয়ে ম্যাচটি হেরেছে।
বুধবার (৮ জুলাই) নিজের নির্বাচনি এলাকার ভোটারদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সেদিন মূলত নিউইয়র্ক সিটির বাসসেবা আরও দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে ‘নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস’ শীর্ষক একটি নতুন উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মামদানি। তবে যাতায়াতে সময় সাশ্রয়ের সুফল তুলে ধরতে গিয়ে তিনি বিশ্বকাপের ওই আলোচিত ম্যাচের প্রসঙ্গ টেনে আনেন।
বক্তব্যে তিনি বলেন, বাসে যাতায়াত করলে নগরবাসী উল্লেখযোগ্য সময় সাশ্রয় করতে পারবেন। তার ভাষায়, “ছয় মাসের মধ্যে আপনারা বাসে যাতায়াত করে প্রায় ২৪ ঘণ্টা সময় বাঁচাতে পারবেন। আর এক বছর পূর্ণ হওয়ার আগেই যাতায়াতের সময় থেকে দুই দিনেরও বেশি সময় সাশ্রয় হবে।”
তিনি আরও বলেন, “এই বাড়তি সময় মানে পরিবারের সঙ্গে সকালের নাস্তা করার সুযোগ, সন্তানের লিটল লিগ খেলায় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তর্ক করার সময় পাওয়া, রাতে সময়মতো বাড়ি ফেরা এবং বন্ধুদের সঙ্গে বসে এই বিষয়ে একমত হওয়া যে—গতকাল মিশরকে অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হয়েছে।”
মামদানির এ মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্বকাপের ওই ম্যাচে মিশরের বিপক্ষে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে এর আগেই বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছিল।
/এএসএফ