• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম


রোনালদোর বিদায়ের পর বিশ্বকাপ টিকিটের দামে বড় ধস!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুলাই ২০২৬ ৬:১০ এএম

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই শেষ হয়েছে। এবার শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের উত্তেজনা। তবে টুর্নামেন্ট যত শেষের দিকে এগোচ্ছে, ঠিক তখনই বিশ্বকাপের টিকিটের দামে দেখা দিয়েছে বড় ধরনের পতন।

টিকিট বিক্রির সেকেন্ডারি মার্কেটপ্লেস টিকপিক-এর তথ্য অনুযায়ী, শুক্রবার অনুষ্ঠিতব্য স্পেন-বেলজিয়াম কোয়ার্টার ফাইনালের সর্বনিম্ন টিকিটের দাম কয়েকদিন আগেও ছিল প্রায় ২ হাজার ৯৫০ মার্কিন ডলার (প্রায় সাড়ে ৩ লাখ টাকা)। বর্তমানে সেই দাম নেমে এসেছে প্রায় ১ হাজার ২০০ ডলারে (প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা)।

বিশ্লেষকদের মতে, এই মূল্যপতনের অন্যতম কারণ শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের ৪-১ গোলে বেলজিয়ামের কাছে পরাজয়। সহ-আয়োজক দেশ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় স্থানীয় সমর্থকদের আগ্রহ ও টিকিটের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এছাড়া টিকিটের দামে বড় প্রভাব ফেলেছে পর্তুগালের বিদায়ও। শেষ ষোলোর ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় পর্তুগাল। এর মধ্য দিয়ে শেষ হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ার। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল তারকার বিদায়ে টুর্নামেন্টের প্রতি দর্শকদের আগ্রহেও প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে।

অনেক সমর্থক আশা করেছিলেন, কোয়ার্টার ফাইনালে হয়তো স্বাগতিক যুক্তরাষ্ট্র ও পর্তুগালের মুখোমুখি লড়াই দেখা যাবে। রোনালদোর উপস্থিতি এবং স্বাগতিক দেশের অংশগ্রহণ মিলিয়ে সেই ম্যাচের টিকিটের চাহিদা রেকর্ড ছুঁতে পারত। কিন্তু দুই দলেরই বিদায়ে সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে।

এদিকে ফক্সবরোর বস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফ্রান্স ও মরক্কোর কোয়ার্টার ফাইনালের টিকিট বর্তমানে সেকেন্ডারি মার্কেটে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে। টিকপিকের তথ্য অনুযায়ী, এই ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ৯৮৯ মার্কিন ডলার।

শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। অন্যদিকে কানাডাকে ৩-০ গোলে পরাজিত করে শেষ আট নিশ্চিত করেছে মরক্কো।

অন্য কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে বেলজিয়াম মুখোমুখি হবে স্পেনের। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে কোনো গোল হজম করেনি স্পেন।

শনিবার দিবাগত রাতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্লিং হলান্ডের নরওয়ে ও হ্যারি কেইনের ইংল্যান্ড। আর পরদিন সকাল ৭টায় শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে সুইজারল্যান্ডের বিপক্ষে।

/এএসএফ