২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার সংশ্লিষ্ট সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ বিষয়ে একটি আদেশ জারি করে। আদেশটি সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
আদেশে জানানো হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে ব্যাংক খোলা রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী শুক্র ও শনিবার হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এ সময় হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার কার্যক্রম পরিচালনা করা হবে।
এ ছাড়া ব্যাংকের নিয়মিত ব্যাংকিং লেনদেনের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও হজের অর্থ জমা দিতে ইচ্ছুক গ্রহীতা যতক্ষণ উপস্থিত থাকবেন, ততক্ষণ তাদের অর্থ গ্রহণ করতে বলা হয়েছে।
এ ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে হজ নিবন্ধনের অর্থ গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
/এসএন