• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম


সুনামগঞ্জে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘ’র্ষ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৮:০৩ পিএম

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন পথচারী আঘাত পেয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে ছাত্রদল ও ছাত্রশিবির গোবিন্দগঞ্জ পয়েন্টে পৃথক মিছিল বের করে। একপর্যায়ে দুই পক্ষের মিছিল মুখোমুখি হলে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে উভয় পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য, নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজে আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন ধরে স্থানীয় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার একই সময়ে দুই পক্ষ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল বের করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন পথচারী আঘাত পান বলে জানান স্থানীয়রা।

ছাতক থানার উপপরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র দত্ত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যানবাহন চলাচলও স্বাভাবিক করা হয়।

/এসএন