জাতিসংঘে গাজায় ইসরায়েলের ‘গণহত্যার’ তীব্র নিন্দা স্পেনের প্রধানমন্ত্রীর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান সামরিক অভিযানকে প্রকাশ্য ও দ্ব্যর্থহীনভাবে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে তিনি স্পেনের এই কঠোর অবস্থান তুলে ধরেন।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বমঞ্চে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে পেদ্রো সানচেজ বলেন, গাজায় নেতানিয়াহু যে নির্মম গণহত্যা চালিয়ে যাচ্ছেন, স্পেন কোনো রাখঢাক না রেখে তার দ্ব্যর্থহীন নিন্দা জানাচ্ছে।জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে স্প্যানিশ প্রধানমন্ত্রী আরও বলেন, গত আট বছর ধরে বিশ্বের যেকোনো প্রান্তে পরিচালিত আগ্রাসী যুদ্ধের সরাসরি বিরোধিতা করে আসছে স্পেন। ইউক্রেন, লেবানন কিংবা মধ্যপ্রাচ্যের অন্য কোনো অঞ্চল—যেখানেই আগ্রাসন ঘটুক না কেন, এ বিষয়ে স্পেনের অবস্থান সবসময়ই স্পষ্ট।তিনি বলেন, তার দেশ অপ্রয়োজনীয় সামরিক ব্যয় বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে। একই সঙ্গে জাতিসংঘ সনদের পরিপন্থী যেকোনো আক্রমণ ঠেকাতে সম্ভাব্য সবকিছু করে যাচ্ছে স্পেন।আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পরিচালিত কোনো ধরনের আগ্রাসনে স্পেনের ভূখণ্ড যাতে কখনো ব্যবহার করা না হয়, সে বিষয়েও তার সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানান সানচেজ।এ সময় রাশিয়ার বিরুদ্ধে কার্যকর থাকা নিষেধাজ্ঞা বহাল রাখার পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে স্পেনের জোরালো প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
/বিএসএস