প্রায় আট মাস ধরে খালি থাকা সাংবিধানিক পদে পাকিস্তান-শাসিত কাশ্মীর বা আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রার্থী ড. মুহাম্মদ নাজিব নাকি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মুজাফফরাবাদে আজাদ জম্মু ও কাশ্মীর বিধানসভা সচিবালয়ে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে নাজিব নাকি ৩২ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী চৌধুরী লতিফ আকবর পেয়েছেন ১৩ ভোট।
আজাদ কাশ্মীরের সংবিধান অনুযায়ী, বিধানসভার মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচনে জয় পেতে ন্যূনতম ২৭ ভোট প্রয়োজন ছিল।
নাজিব নাকি সুধনোতি জেলার বাসিন্দা এবং এর আগে আজাদ জম্মু ও কাশ্মীরের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত এবং পরে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
প্রেসিডেন্টের পদটি গত জানুয়ারি থেকে শূন্য ছিল। তৎকালীন প্রেসিডেন্ট ব্যারিস্টার সুলতান মাহমুদের মৃত্যুর পর পদটি খালি হয়। এরপর চৌধুরী লতিফ আকবর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি বিধানসভার স্পিকার হওয়ার পর চৌধুরী তারিক ফারুক ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন।
নির্বাচনের আগে পিএমএল-এন নাজিব নাকিকে এবং পিপিপি চৌধুরী লতিফ আকবরকে প্রার্থী করে। ১৯ সেপ্টেম্বর দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হয় এবং যাচাই-বাছাইয়ের পর তা বৈধ ঘোষণা করা হয়।
এজেকে বিধানসভায় পিএমএল-এন সংখ্যাগরিষ্ঠ অবস্থানে ছিল। নির্বাচনের আগে দলটির ৩১ জন আইনপ্রণেতা এবং তাদের সঙ্গে একটি মিত্র দলের একজন সদস্যের সমর্থন ছিল। অন্যদিকে পিপিপির সদস্যসংখ্যা ছিল ১৪।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুজাফফরাবাদে বিধানসভা সচিবালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে গণনা করা হয় এবং একই দিন ফল ঘোষণা করা হয়।
এর মধ্য দিয়ে প্রায় আট মাস ধরে শূন্য থাকা আজাদ জম্মু ও কাশ্মীরের প্রেসিডেন্টের সাংবিধানিক পদটি পূরণ হলো। নাজিব নাকি পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
/এএসএফ