ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে দীর্ঘ সময় ধরে উপসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের স্ট্রাইক গ্রুপে থাকা আট নাবিক আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাওয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। গত মঙ্গলবার মার্কিন সিনেটর কার্স্টেন জিলিব্র্যান্ডকে দেওয়া এক চিঠিতে বিষয়টি উল্লেখ করেন কাও।
উপসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন নাবিকদের জীবনযাত্রার মান নিয়ে সিনেটর জিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে চিঠিটি দেওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতিনিধি হিসেবে কাও জানান, ইউএসএস আব্রাহাম লিংকনের মোতায়েন শুরুর পর থেকে পুরো স্ট্রাইক গ্রুপে মোট আটটি আত্মহত্যার চেষ্টা হয়েছে।
চিঠিতে বলা হয়, এই সংখ্যার মধ্যে শুধু ইউএসএস আব্রাহাম লিংকনের ক্রুরাই নন, ক্যারিয়ার এয়ার উইং, স্ট্রাইক গ্রুপ ও ডেস্ট্রয়ার স্কোয়াড্রনের সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছেন। এ ছাড়া স্ট্রাইক গ্রুপের সঙ্গে থাকা ডেস্ট্রয়ার এবং জাহাজে থাকা সব এভিয়েশন স্কোয়াড্রনের নাবিকদেরও এই হিসাবের মধ্যে রাখা হয়েছে।
হাং কাওয়ের দেওয়া এই তথ্য নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
/এএসএফ