রাজধানীর যানজট কমানো এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ককে হকারমুক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে হকারমুক্ত ঘোষিত এসব সড়ক সরেজমিনে পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
পরিদর্শনের সময় ডিএসসিসি প্রশাসক জানান, পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়কের কোথাও হকার বসতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ সড়কে বসলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বসলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, হকার সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়েছে। সংগঠনগুলোর প্রতিনিধিরাও স্বেচ্ছায় এসব মূল সড়ক ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন।
আবদুস সালাম বলেন, ‘আমরা বিভিন্ন হকার সংগঠনের প্রতিনিধিদের সাথে একাধিকবার আলোচনা করেছি। তারা নিজেরাও স্বেচ্ছায় এসব মূল সড়ক ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। সবার সম্মিলিত সহযোগিতায় আমরা নগরবাসীকে ফুটপাত ও সড়কে স্বস্তি ফিরিয়ে দিতে চাই।’
ডিএসসিসি প্রশাসক জানান, রমনা ভবনসংলগ্ন পূর্বপাশের ফুটপাতে সাধারণ মানুষের চলাচলের জন্য জায়গা রেখে নির্ধারিত স্থানে নিয়ম মেনে নিবন্ধিত ও নির্দিষ্টসংখ্যক হকার বসতে পারবেন। তবে নির্ধারিত স্থান, সময়, সংখ্যা ও নিবন্ধনের বাইরে যত্রতত্র হকার বসে জনভোগান্তি সৃষ্টি করার কোনো সুযোগ থাকবে না।
তিনি সতর্ক করে বলেন, ‘নিয়মের ব্যত্যয় ঘটালে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’
হকারদের নিবন্ধন ফি কমানোর দাবির বিষয়ে জানতে চাইলে ডিএসসিসি প্রশাসক বলেন, বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনামা পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিদর্শনের সময় ডিএসসিসি প্রশাসক এক ঘণ্টারও বেশি সময় ঘটনাস্থলে অবস্থান করেন। এ সময় তিনি পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত মূল সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম সরাসরি তদারকি করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হকার সংগঠনের প্রতিনিধিরা।
/এসএন